গুপ্ত সদস্যদের বের হয়ে যাওয়ার আহ্বান এনসিপি নেতার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার গুপ্ত সদস্যদের সসম্মানে বের হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

২৫ নভেম্বর তিনি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন, 

“বাংলাদেশের অস্তিত্বে অবিশ্বাসী এবং পাকিস্তানপন্থী একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনে দীর্ঘদিন ধরে কর্মী অনুপ্রবেশ করিয়েছে। 

সামনে জাতীয় নাগরিক পার্টিকে বিতর্কিত করতে তাদের গুপ্ত সদস্যদের কেউ কেউ পদত্যাগের নাটক করতে পারে। আমরা তাদেরকে সসম্মানে বের হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। 

জাতীয় নাগরিক পার্টি ২৪'র গণঅভ্যুত্থানের সর্বস্তরের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে; তবে পাকিস্তানপন্থার প্রতি আমাদের মনোভাব ভারতপন্থী দলগুলোর প্রতি যে মনোভাব, ঠিক একই রকম।”

মাহিন সরকার দেশ রূপান্তরকে আরও বলেন, “আমরা ২৪-এর মানবতাবিরোধীদের যেমন বিচার চাই, ঠিক তেমনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদেরও বিচার চাই।

১৯৭১ থেকে আজ পর্যন্ত যত অত্যাচার, নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে—প্রতিটি অন্যায়ের বিচারের পক্ষে এনসিপি।”

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন—

“অতীতের মতো এখনো তারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী।

আমরা এই সমস্ত পাকিস্তানপন্থী গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের সসম্মানে আমাদের এনসিপি এবং সহযোগী সংগঠনগুলো থেকে বের হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত