এমআরটি ও র‌্যাপিড পাস অনলাইনে রিচার্জ উদ্বোধন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১৮ এএম

মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। গতকাল মঙ্গলবার থেকে যেকোনো স্থান থেকে এই কার্ডে টাকা রিচার্জ করা যাচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।

গতকাল রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস।

এ সময় আরও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক শরাফত উল্লাহ খান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, এসএসএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মইনউদ্দিন বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে র‌্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিরাপদে ও দ্রুততার সঙ্গে তাদের যাতায়াতের সুবিধার জন্য কার্ড রিচার্জ করতে পারবেন।

গণপরিবহনে দক্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মানোন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নিখিল কুমার দাস। তিনি বলেন, অনলাইন রিচার্জ সেবা চালু হওয়ায় যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ব্যবস্থার সুবিধা পাবেন। ভবিষ্যতে গণপরিবহনের সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে তারা কাজ করে যাচ্ছেন।

সভাপতির বক্তব্যে নীলিমা আখতার বলেন, বহুল কাক্সিক্ষত এই সেবার মাধ্যমে যাত্রীদের সময় সাশ্রয় হবে। নগদহীন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে। গণপরিবহনব্যবস্থায় আধুনিকীকরণ আরও সুদৃঢ় হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা একটি স্মার্ট ও ঝামেলামুক্ত যাতায়াতের অভিজ্ঞতা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত