দুর্বৃত্তের গুলিতে আহত শাহীন মারা গেছেন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে আহত ফার্নিচার দোকানের কর্মচারী শাহিন বেপারী (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য শাহিনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এরআগে, গত শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন শাহিন। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শাহিনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, শনিবার সন্ধ্যায় জুরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন তারা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।

তারা বলেন, সেখানে শুধু শুনেছি, কারা যেন তাকে গুলি করেছে। এর বেশি কিছু জানি না।

এদিকে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম আহমেদ জানান, ওই এলাকায় ডিউটি করাকালীন খবর আসে, জুরাইনে গুলির ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে আসি।

শাহিনের বাড়ি শরিয়তপুরের সদর উপজেলার দক্ষিণ কেবলনগর গ্রামে। বর্তমানে জুরাইন এলাকাতে থাকতেন এবং ফার্নিচারের দোকানে কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত