স্থানীয় পর্যায়ে  বেসরকারি বৃত্তি পরীক্ষা, শিক্ষার মঞ্চ না প্রহসন?

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১২:০৬ এএম

সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার  শেষের দিকে। এর মধ্যে শুরু হয়েছে বেসরকারি বৃত্তি পরীক্ষা আয়োজনের তোড়জোড়। বিভিন্ন সামাজিক সংগঠন, বেসরকারি ক্লাব, শিক্ষামূলক সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ বৃদ্ধি করতে শুরু হয়েছে এই বেসরকারি বৃত্তি পরীক্ষা। গ্রামীণ এলাকা থেকে শহরের স্কুল প্রায় প্রতিটি অঞ্চলে শিশুরা প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার মঞ্চে অংশগ্রহণ করছে। এই পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে আত্মপ্রত্যয়, সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের সুযোগ দেয়। তবে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাবিদরা প্রশ্ন তুলছেন সব আয়োজন কি সত্যিই শিক্ষার্থীর মেধা উন্নয়নের জন্য, নাকি এটি প্রায়ই প্রচার বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে?

শিক্ষাবিদদের মতে, বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার্থীর মানোন্নয়ন, মেধার বিকাশ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গঠন, কিন্তু বর্তমানে কিছু আয়োজনকারীর লক্ষ্য হয়ে উঠেছে নিজেদের প্রতিষ্ঠান বা সংগঠনের প্রচার। সাজসজ্জা ও জাঁকজমকপূর্ণভাবে পরীক্ষা আয়োজন, জমকালো আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অতিথি বরণ ও আপ্যায়নে প্রচুর অর্থ ব্যয় করলেও শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে জুটছে যৎসামান্য আর্থিক প্রণোদনা যা প্রহসনের সমতুল্য।

পরীক্ষার আগে বৃত্তির অর্থ ঘোষণা : বেসরকারি বৃত্তি পরীক্ষার একটি বড় সমস্যা হলো শিক্ষার্থী এবং অভিভাবক প্রায়ই পরীক্ষার আগে জানতে পারেন না যে, কত টাকা বা আর্থিক সহায়তা বৃত্তি হিসেবে প্রদান করা হবে। শিক্ষানুরাগীরা বলছেন, পরীক্ষার আগে বৃত্তির অর্থ স্পষ্টভাবে ঘোষণা করা অত্যন্ত জরুরি।

বৃত্তি পরীক্ষার ঘোষণার সঙ্গে সঙ্গে পুরস্কার বা প্রদেয় অর্থের একটি পরিস্কার ঘোষণা থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যেমন একটি উৎসাহ তৈরি হয়, তেমনি ভুল বোঝাবুঝির অবকাশও থাকে না। অন্যথায়, শিক্ষার্থীদের মধ্যে ভ্রান্ত প্রত্যাশা সৃষ্টি হয় এবং বিজয়ী শিক্ষার্থী আশানুরূপ পুরস্কার না পেলে মনক্ষুণœ হয়। অপরদিকে অন্যান্য আয়োজনে ব্যয়ের প্রাবল্য দেখে হতাশ হয় এবং নিজেকে প্রতারিত মনে করে। এর ফলে শিশু-কিশোরদের সরল মনে সমাজ ও ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে সমাজ ও দেশের জন্য ক্ষতির কারণ হিসেবে কাজ করে। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিই অভিভাবকদের প্রত্যাশা।

অভিভাবকরা জানান, শিশুদের প্রত্যাশিত পুরস্কার না পেলে তারা মনোক্ষুণœ হয়, তখন তাদের সামলানো মুশকিল হয়ে পড়ে। এ জন্য তারা এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে চান প্রথমেই। অপরদিকে অর্থ এবং সুবিধা স্পষ্টভাবে জানানো হলে শিশুরা পরীক্ষার প্রতি আরও উৎসাহী এবং আত্মবিশ্বাসী হয়।

মান ও স্বচ্ছতা : শিক্ষানুরাগীরা মনে করেন, বেসরকারি বৃত্তি পরীক্ষা প্রশংসনীয় উদ্যোগ হলেও মান ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুদের মানসিক চাপ কমাতে, পুরস্কার শিক্ষার্থীর অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের তদারকি নিশ্চিত করতে হবে যেন স্বচ্ছতা বজায় থাকে। পরীক্ষা নৈতিক ও শিক্ষার উন্নয়নের জন্য পরিচালিত হয়, তাহলে প্রতিযোগিতার মান ও লক্ষ্য ঠিক রাখতে হবে। শিক্ষানুরাগীদের মতে, ‘বৃত্তি একটি সম্মান। শুধু প্রচার বা নামের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হলে শিক্ষার্থীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিটি শিক্ষার্থীকে সমান সুযোগ প্রদানের লক্ষ্যে বেসরকারি বৃত্তি পরীক্ষার মান নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ জরুরি।

শিশুদের মানসিক চাপ ও প্রতিযোগিতার প্রভাব : মানহীন বা অযাচিত প্রতিযোগিতা শিশুদের মানসিক চাপ বাড়াতে পারে। পরীক্ষা যেন ভয়ের স্থান নয়, বরং শেখার উৎসাহ বাড়ানোর মাধ্যম হয়। অভিভাবক ও শিক্ষক যেন অতিরিক্ত চাপ না দেন। পুরস্কার, সার্টিফিকেট এবং অর্থ শিক্ষার্থীর অর্জনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বৃত্তি পরীক্ষা শিশুর আত্মবিশ্বাস ও সৃজনশীল মনন বিকাশের জন্য অনুষ্ঠিত হতে হবে, প্রহসন বা প্রদর্শনের জন্য নয়।

স্থানীয় শিক্ষা অফিসের তদারকি প্রয়োজন : শিক্ষানুরাগী এবং অভিভাবকরা বলছেন, বেসরকারি বৃত্তি পরীক্ষায় স্থানীয় শিক্ষা অফিসের তদারকি থাকা অপরিহার্য। তাহলে পরীক্ষা শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত হবে। শিক্ষার্থীর অধিকার ও বৃত্তির মর্যাদা রক্ষা পাবে। প্রহসনমূলক বা প্রতারণামূলক কর্মকা- প্রতিরোধ করা সম্ভব হবে। সে জন্য প্রতিটি পরীক্ষা নিবন্ধনভিত্তিক হতে হবে। পরীক্ষা শুরুর আগে বৃত্তির অর্থ, সার্টিফিকেট ও অন্যান্য সুবিধা প্রকাশ করতে হবে। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা প্রক্রিয়াটি নিয়মিত তদারকি করবেন।

জাতীয় নীতি ও শিক্ষা বিভাগের করণীয় : শিক্ষানুরাগীরা মনে করেন, জাতীয় নীতিমালা ও শিক্ষা বিভাগের সক্রিয় ভূমিকা ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়।

মূল প্রস্তাবনা

নির্দেশিকা ও নীতিমালা প্রণয়ন : বেসরকারি বৃত্তি পরীক্ষার জন্য ন্যূনতম মানদ- নির্ধারণ। শিক্ষার্থীর মেধা যাচাই, পুরস্কার ও সহায়তার  ক্ষেত্রে স্বচ্ছ নির্দেশিকা।

নিবন্ধন ও অনুমোদন : প্রতিটি পরীক্ষা স্থানীয় শিক্ষা অফিসে নিবন্ধন বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া কোনো পরীক্ষা আয়োজন করা যাবে না।

পরীক্ষার পূর্ব-ঘোষণা : বৃত্তির অর্থ, সার্টিফিকেট এবং অন্যান্য সুবিধা পরীক্ষা শুরুর আগে প্রকাশ করা। শিক্ষার্থী ও অভিভাবক উভয়কে স্পষ্ট ধারণা প্রদান।

নিয়মিত তদারকি ও পর্যালোচনা : স্থানীয় শিক্ষা কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রতিটি পরীক্ষার ফলাফল, মান ও

স্বীকৃতির নিয়মিত পর্যালোচনা।

শিশুদের মানসিক নিরাপত্তা: প্রতিযোগিতার চাপ যেন শিক্ষার্থীর শিক্ষার আগ্রহ বা মানসিক শান্তি ক্ষুণœ না করে। উৎসাহমূলক, সৃজনশীল এবং সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা।

বেসরকারি বৃত্তি পরীক্ষা দেশের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। তবে এটি হতে হবে দায়িত্বশীল, স্বচ্ছ, শিক্ষার্থীকেন্দ্রিক, স্থানীয় শিক্ষা অফিসের তদারকির আওতায়। শিশুদের ভবিষ্যৎ, তাদের  মেধা এবং শিক্ষার মর্যাদা যেন বাণিজ্য, প্রচার বা প্রহসনের শিকার না হয়।

স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং জাতীয় মানদ-ের সঙ্গে মিল রেখে বৃত্তি পরীক্ষা হলে, এটি সত্যিই শিক্ষার্থীদের জন্য শক্তিশালী শিক্ষা মঞ্চে পরিণত হতে পারে।

লেখক : সাংবাদিক ও প্রাবন্ধিক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত