হঠাৎ বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের অপব্যবহার না করলেও হঠাৎ সতর্কতা ছাড়াই স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। এ কারণ হচ্ছে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করেছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটা।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার বলছে, ব্যবহারকারীর নিরাপত্তা ক্ষুণ্ন করা, প্ল্যাটফর্মের অপব্যবহার বা পরিষেবার শর্ত ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, চারটি সাধারণ ভুলের কারণে সবচেয়ে বেশি ব্যান হয় অ্যাকাউন্ট।

প্রথমটি হলো অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার

জিবি হোয়াটসঅ্যাপ, ইউ হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ প্লাসের মতো অ্যাপ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এসব থার্ডপার্টি অ্যাপ এনক্রিপশনকে দুর্বল করে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। হোয়াটসঅ্যাপ নিয়মিত এমন অ্যাপ শনাক্ত করে সংশ্লিষ্ট নম্বর স্থায়ীভাবে ব্যান করে।

দ্বিতীয়ত বাল্ক মেসেজ বা স্প্যাম পাঠানো

অপরিচিত মানুষদের কাছে একই ধরনের বার্তা পাঠানো, বারবার ফরোয়ার্ড করা বা যাদের কনট্যাক্টে নেই, এমন ব্যক্তিদের গ্রুপে যুক্ত করা স্প্যাম আচরণ হিসেবে গণ্য হয়। এ ধরনের কার্যকলাপে অ্যাকাউন্ট হুট করেই নিষিদ্ধ হতে পারে, বিশেষ করে অভিযোগ পেলে।

তৃতীয়ত হলো হয়রানি, হুমকি বা প্রতারণা

অপমানজনক বার্তা, হুমকি, ঘৃণাবাচক বক্তব্য বা কারও পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপ  এসবই হোয়াটসঅ্যাপের নীতিমালার গুরুতর লঙ্ঘন। এমন আচরণের অভিযোগ পাওয়া গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

সবশেষটা হলো সতর্কবার্তা উপেক্ষা করা

প্রথমবার নিয়মভঙ্গ করলে সাধারণত সাময়িক অসুবিধা হবে। কিন্তু একই আচরণ পুনরায় করলে বা নিষেধাজ্ঞা কাটানোর পর একই কাজ চালিয়ে গেলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত