কালিয়াকৈরে প্লাস্টিক তৈরি কারখানায় আগুন, ২ শ্রমিক দগ্ধ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈর একটি কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ওই কারখানার দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার বোর্ড মিল এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)।

এলাকাবাসী ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় একটি প্লাস্টিক তৈরি কারখানা রয়েছে। প্রতিদিনের মতো শুক্রবারও ওই কারখানায় প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি কাজ করছিলেন শ্রমিকরা। কিন্তু বিকাল সাড়ে ৫টার দিকে মেশিনে অতিরিক্ত গরম হওয়ায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় আশপাশের অন্য শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে বাবুল ও রবিউল নামে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে পাশের সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ওই হাসপাতালের চিকিৎসক তানিয়া আক্তার জানান, আগুনে বাবুলের প্রায় ৪৫ ভাগ এবং রবিউলের ১৫ ভাগ পুড়ে গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।

ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে আমাদের দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, মেশিনের আগুন দমকল বাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়াতে পারেনি।

এব্যাপারে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ হয়ে যায়। তবে আগুনে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত