ফরিদপুর-১

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা শিল্পপতি বাসার খাঁনের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

ফরিদপুর-১ (বোয়ালমারী–মধুখালী–আলফাডাঙ্গা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন বিশিষ্ট শিল্পপতি ও রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মো. আবুল বাশার খাঁন।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাতের সময় মধুখালীতে অবস্থিত রাজ্জাক জুট মিল-এ তিন উপজেলা ও ফরিদপুর জেলায় কর্মরত প্রায় দেড় শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ব্যবসায়ী আবুল বাশার খাঁন মধুখালী উপজেলার বাসিন্দা।

মতবিনিময়কালে তিনি বলেন, ‘এলাকার রাজনৈতিক শূন্যতা এবং সাধারণ মানুষের অসহায়ত্ব আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতে আমার এই সিদ্ধান্ত নেওয়া।’

নিজের ব্যবসায়িক যাত্রার কথা উল্লেখ করে আবুল বাশার খাঁন বলেন, তার শুরুটা ছিল খুবই সাধারণ—মাত্র চার হাজার টাকার পুঁজিতে। প্রাথমিক পর্যায়ে তিনি চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতেন। এরপর, ২০০৯ সালে একটি জুট মিল প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হয়। তিনি দাবি করেন, বর্তমানে তার প্রতিষ্ঠান প্রায় ২০ হাজার কর্মী নিয়োজিত রেখেছে এবং এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনে সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, মাদক নির্মূল, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।

নিজের আর্থিক সক্ষমতার বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক অবস্থান ভালো। মানুষের হক নষ্ট করার কোনো মানসিকতা আমার নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত