বেগম জিয়া গণতান্ত্রিক লড়াইয়ের প্রেরণা- নাহিদ ইসলাম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে খালেদা জিয়ার অটল অবস্থান কয়েক দশকের সংগ্রামজুড়ে স্পষ্ট। রাজনৈতিক প্রতিহিংসা, একের পর এক মামলা এবং নানা ধরনের নির্যাতনের মধ্যেও তার দৃঢ়তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

নাহিদ ইসলাম আরও জানান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি মোড়ে খালেদা জিয়ার নেতৃত্ব ও দেশপ্রেম জাতির ওপর গভীর প্রভাব ফেলেছে। বহু প্রজন্ম তাকে সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক মনে করে।

বর্তমান সময়ের শারীরিক জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতি সহমর্মিতা জানান। পাশাপাশি আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

নাহিদ ইসলামের মতে, দেশের গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতার এই সংকটময় সময়ে খালেদা জিয়ার অভিজ্ঞতা ও উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, গণতন্ত্রের দীর্ঘ যাত্রায় তার অবদান স্মরণ করে সবাই তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত