পিডব্লিউডি'র কাছে পয়েন্ট হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের পথচলা শুরু হয়েছিল বসুন্ধরা কিংসের। তবে কাগুজে সেরাদের এরপর আর পা হড়কায়নি। টানা তিন ম্যাচ জিতে এককভাবে এখন তারা লিগ টেবিলের শীর্ষে। শনিবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৫-০ ব্যবধানে হারিয়েছে তারা। অথচ ম্যাচ শুরুর আগে সেরার লড়াইয়ে এ দু'দল ছিল একই সীমানায়।
চার ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে কিংস এখন সবার ওপরে। বড় ব্যবধানে হেরে রহমতগঞ্জ দুই থেকে নেমে গেছে চারে। তাদের সংগ্রহ সাত পয়েন্ট। দুই আর তিনে থাকা ব্রাদার্স এবং ফর্টিসেরও সংগ্রহ তাদের সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে তারা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বসুন্ধরা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে আক্রমণে উঠে গোলের চেষ্টা করেছিলেন রাকিব হোসেন। তবে রহমতগঞ্জ কিপার আলিফ মামুন রাকিবের শট ফিরিয়ে দেন। ২০ মিনিট গোল পেতে পারতো রহমতগঞ্জও। তবে বিপজ্জনক হয়ে ওঠা সুলেমান কিংয়ের কর্নার লাফিয়ে ফিস্ট করেন কিংস কিপার আনিসুর রহমান জিকো।
বসুন্ধরার গোলের অপেক্ষা ফুরায় ২৭ মিনিটে। বক্সের বেশ বাইরে থেকে ইমানুয়েল সানডের দুরপাল্লার শট দুরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় গোল পায় কিংস। এবার ইমানুয়েলের ক্রসে ভলি করে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম।
ম্যাচের ৭২ মিনিটে কিংসকে আরও এগিয়ে নেন তপু বর্মণ। সোহেল রানা জুনিয়রের কর্নারে তপুর হেড জালে জড়ায়। দুই মিনিট পর প্রতি-আক্রমণে চতুর্থ গোল করে স্বাগতিকরা। ডরিয়েলটন গোমেজের বাড়ানো পাস পেয়ে যান বদলী ফরোয়ার্ড কিউবা মিচেল। তিনি পাস দেন ইমানুয়েলকে। ঠান্ডা মাথায় দ্বিতীয় গোলের দেখা পান নাইজেরিয়ার ফরোয়ার্ড। ম্যাচের ৭৮ মিনিটে কিংসের পঞ্চম গোলটির করেন ডরিয়েলটন।
