ভারতীয় গণমাধ্যমে উপস্থিত হয়ে দেশের সুনাম ‘ক্ষতিগ্রস্ত’ করার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বোনদের কঠোর সমালোচনা করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
রবিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতীয় মিডিয়ায় তার উপস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে ‘প্রোপাগাণ্ডা’ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, ‘ইমরানের বোনেরা ভারতীয় চ্যানেলে গিয়ে কেন কাশ্মীর ইস্যু বা মারকা-এ-হক নিয়ে কথা বলেননি… তারা ভারতীয় চ্যানেলে গেছেন দেশের বদনাম করতে… আজ ভারতীয় ও আফগান গণমাধ্যমে এসবের প্রচারণা চালানো হচ্ছে।’
তারার আরও বলেন, ‘আমি চাইতাম নুরিন নিয়াজি অন্তত সাতটি বিমান ভূপাতিত করার বিষয়টা তুলে ধরতেন। কিন্তু তিনি সেখানে গিয়ে এমন এক ব্যক্তির জন্য কান্নাকাটি করেছেন যে কিনা ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার মুখোমুখি।’
তিনি বলেন, ইমরানের বোনদের ‘লজ্জিত হওয়া উচিত’ ভারতীয় প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তিনি পিটিআইয়ের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ করে বলেন, দলের প্রতিষ্ঠাতা নেতার ঘনিষ্ঠ আত্মীয়রা বিদেশে পাকিস্তানবিরোধী বক্তব্য প্রচারে জড়িত।
