এক সময়ের আপসহীন নেত্রী খালেদা জিয়া বর্তমানে লড়াই করছেন বাস্তবের কঠিন কণ্টকের সঙ্গে। এমন মুহূর্তে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সব অঙ্গনের কোটি কোটি মানুষের হৃদয়ে তার সুস্থতার জন্য নিরবচ্ছিন্ন প্রার্থনা। ইতিমধ্যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উদ্বেগ প্রকাশ করে শোবিজ তারকারাও তার রোগমুক্তি কামনা করেছেন। সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি শেয়ার করেছেন আবেগঘন বার্তা
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাঁপা লিখেছেন, ‘আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, অকুতোভয় মৃত্যুঞ্জয়ী এই যোদ্ধা আজও অসুস্থতার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। এখন পুরো দেশের মানুষের একটাই প্রার্থনা, ‘আল্লাহ, আপনি তাকে সুদীর্ঘ নেক হায়াত দিন এবং আরেকবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সুন্দর বিজয় দেখার তৌফিক দিন।’
চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।’ কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কখনো ফ্যাসিস্টদের ভয়-জুলুম-অত্যাচারের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাননি। আজ এই আপসহীন নেত্রী গুরুতর অসুস্থ। দেশের মানুষ তার সুস্থতার জন্য পরম আন্তরিকতায় দোয়া করছেন। কিন্তু সেই সুযোগে কিছু লোক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন তারেক রহমান কেন এই সময়ে মায়ের পাশে নেই? আবেগতাড়িত কিছু মানুষও এতে যুক্ত হয়েছেন।’
খালেদা জিয়াকে ‘আপসহীন লড়াকু জননেত্রী’ উল্লেখ করে এই শিল্পী আরও বলেন, ‘পুরো দেশ আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে। কিছু রাজনৈতিক কুমির ছাড়া সবাই বেগম জিয়ার জন্য কাঁদছে, দোয়া করছে। অযথা আবেগে ভেসে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া ঠিক হবে না।’ মঞ্চ ও টিভি অভিনেত্রী তমালিকা কর্মকার স্মৃতিময় মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনার হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল, অনেক বছর, ২৫ বছর। কিন্তু এই সম্মানটা এই মুহূর্তটা একজন অভিনেত্রী হিসেবে আজও আমি তা মনে লালন করি।’
আরেক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি লিখেছেন, ‘এই কঠিন সময়ে আল্লাহর কাছে শুধু একটাই প্রার্থনা, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই গুরুতর অবস্থা কাটিয়ে উঠতে পারেন।’ মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন। ‘
টিভি ও চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েব লিখেছেন, ‘এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার ৫ বছর পাইলট ছিলাম। তার প্রটোকলে থেকে বহুবার তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। উনি একজন পরিশ্রমী, স্বচ্ছ-ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক মানুষ। সত্যিকারের একজন আপসহীন নেত্রী উনি। সর্বোপরি সবার ঊর্ধ্বে উনি একজন মা। কাছে থেকে দেখেছি উনি প্রচ- একজন ধর্মভীরু মানুষ। নামাজ পড়তেন নিয়মিত। প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখতেন, দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।’
