গুরুদাসপুরের মাদক সম্রাট নামে পরিচিত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্য (৪০) মাদকদ্রব্যসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী রুবেল আলী (২৯) কে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুর বারটার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে ৯টি মাদক মামলা। একই গ্রামের রুবেল দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল। এই অভিযানে তাদের কাছে থেকে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ভম্বু ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মে জড়িত। মাঝে মাঝে গ্রেপ্তার হলেও অল্পদিনের মধ্যেই বের হয়ে আবার একই অপরাধে লিপ্ত হয় বলেও অভিযোগ করেন তারা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল বলেও জানান এলাকাবাসী। তাকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, গুরুদাসপুরকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক ব্যবসায়ীদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কঠোরতা ব্যবস্থা নেওয়া হবে।
