নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাপায় শান্ত (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মশিনদা চরপাড়ার শামীমের ছেলে আকাশ-২২, তিনি মোটরসাইকেলে ছিলেন। আহত আকাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে। তিনি কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,(১৬ মে) শনিবার দুপুর ১২টার দিকে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শান্ত ও আকাশ মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারে যাচ্ছিলেন। পথে গোপালের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত আকাশকে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক শাহীনকে আটক করে পুলিশ। ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে। স্থানীয় ব্যবসায়ী মো. তারেক অভিযোগ করেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
এলাকাবাসীর দাবি, স্থানীয়ভাবে অনেক সময় হেলপাররা ট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’
