রংপুরে যোগদান করা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ যেন বিলীন না হয় সেই চেষ্টা করবো। এজন্য সমস্ত মতপার্থক্য ভুলে আমরা জাতির জন্য কাজ করব। বিগত নির্বাচন কেমন হয়েছে, আমরা সবাই জানি। সেটার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেভাবেই কাজ করবো।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে রংপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের জনবল সীমিত। আপনাদের মাধ্যমে আমরা বহু গুরুত্বপূর্ণ তথ্য পাই, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে কাজ করা সম্ভব হয়। তাছাড়া জেলার মানুষ নিরাপত্তার মধ্যে থাকলে আমরা সবাই ভালো থাকব। জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব। তাই উভয়ের দায়িত্ব মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।
আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শহিদ আবু সাঈদের ওপর বন্দুক তাক করে গুলি করার দৃশ্য যদি সেই সময় মিডিয়ায় না আসতো, তাহলে ৫ তারিখের বিদায় আরও পরে হতে পারত। আবার নাও হতে পারত। তাই যিনি জীবনের ঝুঁকি নিয়ে সেই ভিডিও ধারণ করেছেন এবং জাতির সামনে তুলে ধরেছেন তিনি প্রশংসার দাবী রাখে।
পুলিশ সুপার বলেন, আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি। তফসিল ঘোষণার কথা পত্রপত্রিকায় ও বিভিন্ন মাধ্যমে দেখছি। এবারে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোট সঠিকভাবে গণনা হয়ে যথাযথ ফলাফল ঘোষণা হয়- সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হবে। আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিব এবার।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ-অতিরিক্ত দায়িত্ব ডিএসবি) জয়নাল আবেদীন, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মেরিনা লাভলী, এ কে এম মইনুল হক, সাজ্জাদ হোসেন বাপ্পি, সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
