আইআরআই জরিপ

নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট ব্যবধান মাত্র ৪%

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৩০ শতাংশ ভোটার। জামায়াতে ইসলামীকে ভোট দেবেন ২৬ শতাংশ ভোটার। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ৪ শতাংশ। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে দুদলের মধ্যে এই চার শতাংশ ভোটের ব্যবধান থাকবে।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এই জরিপটি পরিচালনা করে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের আট বিভাগের ৬৩ জেলা থেকে ৪ হাজার ৯৮৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার গ্রহণ করা হয় সরাসরি উপস্থিত হয়ে। জরিপকারীদের দাবি, এই জরিপের আস্থার পরিমাণ ৯৫ শতাংশ।

একই শর্তে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন ৬ শতাংশ ভোটার। জাতীয় পার্টিকে ভোট দেবেন ৫ শতাংশ ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন ৪ শতাংশ ভোটার। এছাড়া অন্যান্য দলকে ভোট দেবেন ৮ শতাংশ ভোটার।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের ওপর দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টির তথ্যও জরিপে উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ ড. ইউনূসকে সমর্থন করেছেন এবং ৭০ শতাংশ বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ মানুষ।

‘‌ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫’ শিরোনামে সোমবার সংস্থাটির ওয়েবসাইটে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত