প্রতিবেশীর এক বিড়াল কবুতরের ছানা খেয়ে ফেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত নাসিরউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের নাসিরউদ্দীন মারা যান।
এর আগে নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী আসাদুল্লাহ (৫০), আবির (২৫), অভি (২৮), জুলেখা আক্তার বেবি (৩৮), রাসেলসহ (৩৮) আরও দুই-তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে গত ৩০ নভেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ করেন। আক্তার হোসেন বলেন, গত রবিবার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে আমার ভাই নাসিরকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, জমিসংক্রান্ত বিরোধে লক্ষ্মীপুরের রামগঞ্জের বাঁশঘর এলাকায় ভাতিজা তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে সন্ত্রাসীদের হামলায় চাচা হাসমত উল্যাহ (৭০) নিহত হয়েছেন। গতকাল ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকা- ঘটতে পারে।
