শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে থাকা এক ভারতীয় নাগরিকের মরদেহ সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পৌরসভার মনোহর বাজার শ্মশান ঘাটে মরদেহটি সৎকার করা হয়। ৬ মাস ১৫ দিন পড়ে থাকা মরদেহ রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় এক লাখ ৮৮ হাজার টাকা।
ওই ভারতীয় নাগরিক হলেন- রাজন, তার বয়স ৬৩। আর রাজনের বাড়ির কোনো ঠিকানা পাওয়া যায়নি।
শরীয়তপুর জেলা কারাগার জেল সুপার বজলুর রশিদ জানান, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালে ২৫ আগস্ট ভারতীয় নাগরিক রাজন পদ্মা সেতু প্রকল্প জাজিরার নাওডোবা এলাকা থেকে আটকের পর ২৬ আগস্ট কারাগারে পাঠান আদালত। চলতি বছরের ১৮ মে মৃত্যু বরণ করেন তিনি। এরপর থেকেই মরদেহটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ ছিল। পরে বাংলাদেশ-ভারত দূতাবাস সচিব পর্যায়ের বৈঠকে তাদের সিদ্ধান্তক্রমে কারা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী মরদেহটির সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকারের সময় শরীয়তপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কারা কর্তৃপক্ষ, সদর হাসপাতাল কতৃপক্ষ, প্রশাসনিক পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মোহাম্মদ আকরাম এলাহি বলেন, ভারতীয় নাগরিক রাজনকে কারাগার থেকে মৃত্যু অবস্থায় আনা হয়। তার সুরতহাল এবং ডিএনএ এনালাইসিস করে সদর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। আজ বুধবার কারা কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
আসন্ন সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট