মেহেরপুর সীমান্তে ৩০ বাংলাদেশিকে পুশইন বিএসএফ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

রাতের আঁধারে মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হওয়া নারী, শিশু ও পুরুষ সহ ৩০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

পুশইন হওয়া সবাই ভারতের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেন।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে মেহেরপুরের গাংনী উপজেলার ১৪০ এর ৬ এস মথুরাপুর মাঠ নামক সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে আসলে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

আটকদের মধ্যে ১৮ জন পুরুষ, ২ জন শিশু, ১২ জন নারী রয়েছেন। তারা সবাই, খুলনা, লালমনিরহাট ও আশপাশের জেলার বাসিন্দা। 

আটকদের একজন জানান, কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। ছয়-সাত দিন আগে তাদের আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয়। সেখান থেকে গাংনী  সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানা রেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে থাকছিলেন তারা। কারাবঞ্চনার পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে পুশ-ইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত