সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি

রাজশাহীতে যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ এএম

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। পরে বিজ্ঞপ্তিটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।

একই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গজনিত কর্মকা-ের দায়ে এই দুজনকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত এবং সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া না হলে সংগঠনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভা ছিল। নতুন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ঘনিষ্ঠ ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে সেই সভা প- করতে যান মেহেদী হাসান ও সোয়াইব আহমেদসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী। এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন করছিলেন জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।

এ সময় জাতীয় যুবশক্তি রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদের নেতৃত্বে কয়েকজন সভাকক্ষে ঢুকে সংবাদিকদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার আলটিমেটাম দেন। অন্যথায় তালাবদ্ধ করে ভেতরে আটকে রাখার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরত সংবাদিকরা। তারা একাট্টা হয়ে হুমকিদাতা দুজনকে পর্যটন মোটেলের বাইরে বের করে আনেন। এরপর দীর্ঘ সময় ধরে তাদের সঙ্গে সংবাদিকদের কথা-কাটাকাটি হয়। সংবাদকর্মীরা তাৎক্ষণিক এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত