ক্যারিয়ারের সেরা কোচের নাম বললেন মেসি, বিশ্বকাপ নিয়ে দিলেন আশার বার্তা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তার সাবেক কোচ পেপ গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন। ইএসপিএনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্পোর্টসসেন্টার’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি গার্দিওলাকে নিজের ক্যারিয়ারের সেরা কোচ হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি তিনি কথা বলেছেন আসন্ন বিশ্বকাপ নিয়েও, যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের।

গার্দিওলার কোচিং দর্শন ও ম্যাচ বিশ্লেষণের দক্ষতাকেই অন্যদের থেকে আলাদা করে দেখছেন মেসি। খেলোয়াড়দের কাছে পরিকল্পনা বোঝানোর ক্ষমতা এবং ম্যাচের প্রস্তুতিও তাকে অনন্য করে তুলেছে বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক। মেসির ভাষায়, ‘আমার কাছে গার্দিওলা একেবারেই অনন্য। অনেক অসাধারণ কোচ আছেন, কিন্তু তার মাঝে আলাদা কিছু আছে। আমার কাছে তিনিই ইতিহাসের সেরা কোচ।’ লিওনেল মেসি এবং পেপ গার্দিওলা; বার্সেলোনার সেইসব দিন।

মেসি স্মরণ করেনতার বার্সেলোনার সময়কার দিনগুলোর কথা। তখনই গার্দিওলার অধীনে বার্সেলোনা ছিল সর্বজয়ী। মেসির মতে, সেই সময় দল ও কোচের মধ্যে আদর্শ সমন্বয় তৈরি হয়েছিল, যা ইতিহাসের অন্যতম সেরা একটি দল গড়ে তোলে। বার্সেলোনার বাইরেও গার্দিওলার প্রভাবের কথা তুলে ধরেছেন মেসি। তার ভাষায়, জার্মানির বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে গার্দিওলা শুধু ট্রফি জেতাননি, বরং খেলার ধরনই বদলে দিয়েছেন।

মেসি জানান, প্রথম দলের কোচ হওয়ার আগে গার্দিওলার সঙ্গে তেমন পরিচয়ই ছিল না তার। তবে বার্সেলোনার কোচ হওয়ার পর থেকেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে এবং সেখান থেকেই শুরু হয় তাদের ঐতিহাসিক সাফল্যের যাত্রা। সাক্ষাৎকারে ভবিষ্যৎ বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন মেসি, ‘এই দল আবার চেষ্টা করবে, শেষ পর্যন্ত লড়াই করবে। তবে বিশ্বকাপ অত্যন্ত কঠিন প্রতিযোগিতা। ছোট ছোট ভুলেই সব শেষ হয়ে যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত