দুমকিতে ইজিবাইক-অটোর চলাচলে দুর্ঘটনা বাড়ছে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

পটুয়াখালীর দুমকিতে নিয়ন্ত্রণহীনভাবে ইজিবাইক, অটো-রিকশা ও মাহিন্দ্রার চলাচল বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে অন্তত ২০টির বেশি সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুবায়ের (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী ও পথচারী। 

স্থানীয়দের অভিযোগ, বেশির ভাগ যানবাহন কাগজপত্রহীন এবং অধিকাংশ চালকই অদক্ষ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে কর্মহীন হয়ে ফিরে আসা বহু মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর কম পুঁজিতে ইজিবাইক বা অটো কিনে রাস্তায় নামছেন। ড্রাইভিং দক্ষতা বা প্রশিক্ষণ ছাড়াই এসব যান চালানোয় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়েছে। জীবিকার পথ তৈরি হলেও জনসাধারণের নিরাপদ যাতায়াত আজ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

চরগরবদী, শ্রীরামপুর, আঙারিয়া ও মুরাদিয়া এলাকার বাসিন্দারা জানান, অতিরিক্ত গতি, অভিজ্ঞতাহীন চালক, সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সংকীর্ণ রাস্তায় একে-অপরকে ওভারটেকিংয়ের প্রতিযোগিতাই দুর্ঘটনার মূল কারণ।  

পথচারী আলাউদ্দিন হাওলাদার বলেন, রাস্তা দিয়ে হাঁটা এখন ভয় লাগে। কখন কোন দিক থেকে ইজিবাইক এসে ধাক্কা দেয় বলা যায় না। স্থানীয়রা জানান, প্রায়ই সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বা রাস্তার পাশে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে।

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ সচিব মুশফিকুর রহমান বলেন, অটোরিস্কা-ইজিবাইক যাই হোক তাদের উচিত আমাদের কাছ থেকে লাইসেন্স নেওয়া। কিন্তু তারা সেটা করেন না। হুটহাট যার যার ইচ্ছামতো একেকটা ইজিবাইক নিয়ে রাস্তায় নেমে পড়েন কোন অভিজ্ঞতা ছাড়াই। নিবন্ধন বা লাইসেন্সিং না থাকায় এসব যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কাগজপত্র ছাড়াই চলা যানবাহনের সংখ্যা বাড়ছে। অদক্ষ চালকরাই দুর্ঘটনার প্রধান কারণ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, এ সমস্যাটা দেশের সর্বত্রই। ঢাকার রাস্তায়ও এদের প্রচুর দৌরাত্ম। সরেজমিন পর্যালোচনা করে দেখব কি করা যায়।

স্থানীয়দের দাবি, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক প্রশিক্ষণ, সড়কে তদারকি বৃদ্ধি ও নিয়মিত ট্রাফিক অভিযান চালু হলে দুমকির সড়কে শৃঙ্খলা ফিরবে। দ্রুত পদক্ষেপ না নিলে দুর্ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত