আনন্দঘন আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ক্যাম্পাস সংবাদ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ এএম

চট্টগ্রামের হালিশহরের ‘সিটি হল কনভেনশন সেন্টার’-এ এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ‘ক্যামব্রিয়ান কলেজ’, চট্টগ্রাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে। এ অনুষ্ঠানে অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরাসহ প্রায় ১২০০ জন উপস্থিত ছিলেন। ৩ ডিসেম্বর, সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে এলইডি ডিসপ্লের মাধ্যমে চমৎকারভাবে শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা তুলে ধরা হয়। দিনব্যাপী এ আনন্দঘন প্রোগ্রামে শিক্ষার্থীরা বিভিন্ন ডিপার্টমেন্ট, একাডেমিক কার্যক্রম, তথ্য ও নিয়মনীতি সম্পর্কে জানতে পারে।

সংবর্ধনা এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম’-এর চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম’ কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলমসহ অন্যান্য অতিথি, শিক্ষক ও অভিভাবকরা।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ‘ক্যামব্রিয়ান কলেজ’, চট্টগ্রাম-এর অধ্যক্ষ মাহবুব হাসান লিংকন। তিনি বলেন, ‘ক্যামব্রিয়ান কলেজ প্রতিটি পদক্ষেপে দূরদর্শিতা এক নীরব শক্তি হয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে টিমওয়ার্ক করার সার্বক্ষণিক প্রচেষ্টা বহমান। শিক্ষা শুধু বইয়ের ভেতরে নয়; শিক্ষা মানুষের ভেতরে লুকিয়ে থাকা আলোকে জাগিয়ে তোলে। ‘ক্যামব্রিয়ান কলেজ’ এমন এক শিক্ষাকেন্দ্র যেখানে প্রতিটি দৃষ্টি ভবিষ্যতের দিকে প্রসারিত। গত ৬ বছর ধরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ফলাফলে শতভাগ পাসের ধারাবাহিকতায় শিক্ষাক্ষেত্রে এক অসাধারণ অর্জন।’

অতিথিরা সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ ধন্যবাদ জানান। তারা নবীনবরণ ও কৃতী সংবর্ধনার অনুষ্ঠান একসঙ্গে করাও প্রশংসা করেন। তারা বলেন, এর ফলে নবীন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং তারাও যেন একটি সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি হয়ে নবীন শিক্ষার্থীদের দৃষ্টান্ত হতে পারে সেই অনুপ্রেরণা পাবে। আলোচনা অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। নবীন শিক্ষার্থীরা নতুন পরিবেশে শিক্ষাজীবনের অন্যরকম শুরু উপলক্ষে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে।

ক্লাসরুমের বাইরে ডেস্ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত