ওটিটিতে মুক্তি শাকিব দর্শনার সিনেমা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ এএম

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘অন্তরাত্মা’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: আইস্ক্রিন

দিনক্ষণ: চলমান

ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তির পর এবার ওটিটিতে এসেছে শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’।

ওয়াজেদ আলীর সিনেমাটি গত বৃহস্পতিবার দুপুরে মুক্তি পেয়েছে। নির্মাতার ভাষ্য, ‘এটি প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা।’ ছবিতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। আরও আছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার।

‘দ্য গার্লফ্রেন্ড’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: নেটফ্লিক্স

দিনক্ষণ: চলমান

একজন তরুণীর সম্পর্কের জটিলতা, মানসিক টানাপড়েন আর নিজেকে ফিরে পাওয়ার গল্প। গত ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর সমালোচকদের প্রশংসা পায় রাহুল রবীন্দ্রন পরিচালিত তেলেগু রোমান্টিক ড্রামা সিনেমাটি। এবার ওটিটিতে এসেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

 

‘বিগ বস গ্র্যান্ড ফিনালে’

ধরন: রিয়েলিটি শো

দিনক্ষণ: ৭ ডিসেম্বর

স্ট্রিমিং: জিও হটস্টার

আগামী রবিবার রাতে প্রচারিত হবে আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুমের গ্র্যান্ড ফিনালে। বরাবরের মতোই এবারের পর্বও সঞ্চালনা করেছেন সালমান খান। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।

‘ইট: ওয়েলকাম টু ডেরি’

ধরন: সিরিজ

স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স

দিনক্ষণ: চলমান

স্টিফেন কিংয়ের উপন্যাস ইট অবলম্বনে মার্কিন অতিপ্রাকৃত হরর সিরিজ। এটি আসলে ইট ও ইট চ্যাপ্টার ২সিনেমার প্রিকুয়েল।

গত ২৬ অক্টোবর প্রচার শুরুর পর থেকেই ব্যাপক প্রশংসিত হয়েছে সিরিজটি। আগামী রবিবার মুক্তি পাবে আট পর্বের সিরিজটির সপ্তম পর্ব।

 

‘ট্রন: অ্যারেস’

ধরন: সিনেমা

স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও

দিনক্ষণ: চলমান

মার্কিন সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ট্রন’-এর তৃতীয় কিস্তি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত নভেম্বরে, এবার আসছে ওটিটিতে। জোয়াকিম রনিং পরিচালিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত