জনগণের সেবার জন্য হয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম

পুলিশ কমিশন অধ্যাদেশ আইন অনুমোদন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যেকোনো আইন করা হয় জনগণকে সেবা দেওযার জন্য, এই আইনটিও করা হয়েছে জনগণ যেন সেবা পায়। এই অধ্যাদেশে কোনো বাহিনীর সমস্যা থাকলে তারা বলবে, ওইটাও আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখব। যে আইনে জনগণ সবচেয়ে বেশি সুবিধা পাবে সে আইনই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে।’ গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অগ্নিদুর্ঘটনা ও বড় বড় দুর্যোগে ফায়ার ফাইটারদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। ভূমিকম্পের মতো দুর্যোগের জন্য স্বেচ্ছাসেবীদের প্রস্তুত থাকতে হবে। দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটসমূহে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায়। তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের ভূমিকম্প মোকাবিলায় আরও দক্ষ জনবল ও স্বেচ্ছাসেবক টিম প্রয়োজন। উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে ভয়াবহ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। তাই সরকার উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গুরুত্ব দিচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে, আরও উদ্ধার হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিস অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সারা দেশ থেকে বাছাইকৃত ২২ জন ভলান্টিয়ারকে কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের নিরলস ও সাহসী অবদানের প্রশংসা করেন। দেশের সব দুর্যোগে স্বেচ্ছাসেবকদের দেশপ্রেম, আন্তরিকতা ও নির্ভীক অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত