ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আজ শনিবার (৬ নভেম্বর) একই নামে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজকের দিনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক ৩৩ বছর আগের এই দিনেই অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) কন্টিনজেন্ট ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতা হাইকোর্ট আগেই এ অনুষ্ঠান বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের ওপর ন্যস্ত করে পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দিয়েছে। ফলে এখন ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো আইনি বাধা নেই।
হুমায়ুন কবির শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের পর সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠান শুরু হবে। হুমায়ূন কবীরের এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বিতর্কের।
হুমায়ূন কবির বলেন, মূল ইভেন্টটি দুপুর ১২টায় শুরু হবে। দুই ঘণ্টা কোরআন তেলওয়াত করা হবে। অনুষ্ঠানে কোনো বক্তৃতা থাকবে না, কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকবে না, কোনো দলীয় পতাকা থাকবে না, কোনো রাজনৈতিক বাগাড়ম্বর থাকবে না। আমি ২ হাজার স্বেচ্ছাসেবকদের সাথে উপস্থিত থাকব।
হুমায়ূন কবীর বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বাবরি মসজিদ নির্মাণের এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এরইমধ্যে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। বহিষ্কারের খবরে আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।
