ঠায় দাঁড়িয়ে কোটি টাকার পাকা সেতু। এর দুই পাশের সংযোগ সড়ক প্রস্তুত করা হয়নি। ফলে কোটি টাকা খরচা করে তৈরি করা সেতুটি অহেতুক পড়ে ছিল। এক সময় গ্রামের মানুষ নিজেদের প্রচেষ্টায় সেতুর দুই পাশে কাঠের আলাদা সিঁড়ি তৈরি করে নেন। এখন সেই নড়বড়ে কাঠের তৈরি আলাদা সিঁড়িই নদী পারাপারের প্রধান ভরসা। এমনি এক অদ্ভুত সেতুর দেখা মিলবে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াই বাড়ি গ্রামে।
জানা গেছে, উপজেলার দুটি ইউনিয়নকে একত্র করেছে সেতুটি। গোসিংগা ইউনিয়নের চাওবন গ্রাম আর রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের ওপর দিয়ে চলে যাওয়া পারুলী নদীর ওপর নির্মিত হয়েছে সেতুটি। বছর পার হলেও স্থায়ীভাবে সেতু ব্যবহারের উপযোগী করা হচ্ছে না। ফলে দুর্ভোগ নিয়েই চলাচল করা লাগে এ অঞ্চলের মানুষের। সেতুর দুই পাশে অন্তত ২০ ফুট লম্বা কাঠের সিঁড়ি বানিয়ে চলাচল করা লাগছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা গোসিঙ্গা ইউনিয়নের চাওবন ও রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের সীমান্ত এলাকার পারুলী নদীর ওপর এক কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য এ সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি ১৪ ফুট প্রশ্বস্ত করা হয়েছে। সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয়। মেসার্স মিথুন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ সেতুর নির্মাণকাজ করেছে।
স্থানীয়রা জানান, সেতুর দুপাশে দুটি লম্বা কাঠের সিঁড়ি তৈরা করা হয়েছে। এখন সে দুটি সিঁড়িও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেই ঝুঁকিপূর্ণ সিঁড়ি বেয়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত এ সেতু পার হন। জরুরি প্রয়োজনে একজন রোগীকে ডাক্তারের কাছে নিতে পোহাতে হয় চরম ভোগান্তি। রোগী কাঁধে করে কাঠের সিঁড়ি বেয়ে সেতুতে উঠে নদী পারাপার হতে হয়।
এ বিষয়ে মেসার্স মিথুন এন্টারপ্রাইজের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে স্থানীয় নারী ইউপি সদস্য শামীমা সুলতানা বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমাদের ইউনিয়নের মিটিংয়ে কথা হয়েছে। আশ করি, মানুষের এ দুর্ভোগ কমাতে একটা ব্যবস্থা করতে পারব।’
শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক হোসাইন উজ্জল বলেন, ‘আমি এ স্টেশনে নতুন যোগদান করেছি। যোগদানের আগে সেতুটি নির্মাণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে দুপাশের সংযোগস্থলে সংযোগ সড়ক স্থাপন করে সেতু ব্যবহার উপযোগী করা হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মানুষের দুর্ভোগ লাঘব করা হবে। বিষয়টি অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সমস্যার সমাধান করা হবে।’
