খুলনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

খুলনায় গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফেরদৌস হোসেন (২৭)। গত শুক্রবার রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী ক্যাম্পের বাথরুমের সিলিং থেকে পুলিশ সদস্যরা তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

নিহতের সহকর্মীরা জানান, কনস্টেবল ফেরদৌস হোসেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে ফেরদৌস হোসেনকে ক্যাম্পে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভেতর ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে শিয়ালী পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম। কনস্টেবল ফেরদৌস হোসেনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত