আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে জামালপুর সদর উপজেলায় বাস চাপায় জীম আক্তার (২২) নামে এক অটো রিকশার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিম উপজেলার তিতপল্লা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের লাভলু মিয়ার স্ত্রী।
আহতরা হলেন, সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ছায়তানি গ্রামের চাঁন মিয়া (৭২), তার স্ত্রী বানেছা (৭০), একই এলাকার ইদ্রিস আলীর মেয়ে ইভা (৫) ও রিমা (১৪) এবং খুপিবাড়ী এলাকার শাকিবের সন্তান ছোয়ামনি (৪)। নিহত ও আহতরা স্বজন বলে জানা গেছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, রাতে এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার পথে আদর্শ বটতলা এলাকায় ঢাকাগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ ঘটনায় চাঁন মিয়া, বানেছা, শিশু ইভা, রিমা ও ছোয়ামনিসহ ইজিবাইক চালকসহ পাঁচজন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় বাসটিকে শনাক্ত ও দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
