জাকেরের জন্য বিপিএল হবে নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ: আশরাফুল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

জাকের আলি অনিকের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ছিল উজ্জ্বল। কিন্তু এশিয়া কাপের পর থেকেই তার ব্যাটিংয়ে দেখা দিয়েছে বড় ধরনের ছন্দপতন। কয়েক মাস ধরে যেন নিজের স্বাভাবিক ছন্দে ফিরতে পারছেন না বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার। তবুও তার সক্ষমতা নিয়ে একটুও সন্দেহ দেখছেন না জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার বিশ্বাস, আসন্ন বিপিএলেই আবার পরিচিত ছন্দে দেখা যাবে জাকেরকে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটেই নজরকাড়া ব্যাটিং করেছিলেন জাকের। চলতি বছরের শুরুর দিকেও ছিলেন দারুণ ফর্মে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ধার কমতে থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে জাকেরকে নিয়ে আলাদাভাবে কাজ করেন সাবেক অধিনায়ক আশরাফুল। আইরিশদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ না পেলেও অনুশীলনে জাকেরের মনোযোগ ও পরিশ্রম নজরে আসে তার।

মিরপুর শের-ই বাংলায় রোববার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আশরাফুল জানান, জাকেরের সাম্প্রতিক ব্যর্থতা মূলত দুর্ভাগ্যজনক। তিনি বলেন, টেস্ট দলে সুযোগ না পেলেও জাকের চমৎকারভাবে প্রস্তুতি নিয়েছিলেন। পরের টি-টোয়েন্টি ম্যাচে কয়েকটি ভুল শট ছাড়া বাকিগুলো ছিলেন মেরিট অনুযায়ী। আশরাফুলের মতে, আরও কয়েকটি ম্যাচ সুযোগ পেলে বড় রানের ইনিংস খেলতেই পারতেন জাকের, কারণ তিনি মানসিকভাবে শক্ত এবং ধারাবাহিক পারফর্মার।

আশরাফুল স্মরণ করিয়ে দেন, জাতীয় দলে আসার আগে প্রিমিয়ার লিগ, এনসিএল, বিসিএল থেকে শুরু করে বিপিএল—সব জায়গায়ই নিয়মিত রান করেছিলেন জাকের। তাই সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে অতটা চিন্তিত নন তিনি।

জাকেরের সামনে এবার নতুন চ্যালেঞ্জ বিপিএলের আসন্ন আসর। নোয়াখালী এক্সপ্রেস দলের হয়ে খেলবেন তিনি, যেখানে প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। আশরাফুলের বিশ্বাস, সুজনের অধীনে কাজ করাটা জাকেরের জন্য বাড়তি সুবিধা হবে, কারণ বহুদিন ধরেই তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

আশরাফুল আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, বিপিএল জাকেরের জন্য নিজেকে নতুন করে প্রমাণের আদর্শ মঞ্চ। অভিজ্ঞ কোচের অধীনে এবং পরিচিত পরিবেশে তিনি আবার তার ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় দলের ব্যাটিং কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত