আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির ফজলুর রহমান

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আজ।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ বিষয়ে শুনানি করে আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর আদালত তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করেন এবং শুনানির এই দিন ধার্য করেন। সেইসঙ্গে তার বিরুদ্ধে শোকজ নোটিশও জারি করা হয়। আদেশে তাকে নিজের সব অ্যাকাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদও নিয়ে আসতে বলা হয়।

এর পরিপ্রেক্ষিতে ফজলুর রহমান আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদন করেন। গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের আবেদনের ভিত্তিতে আদালত অবমাননার এই অভিযোগ গ্রহণ করে।

প্রসঙ্গত, একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অতিথি হিসেবে গিয়ে ফজলুর রহমান বলেন, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তাঁর যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের জন্য। এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার (শেখ হাসিনার বিচার) হতে পারে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত