মুগ্ধ-ইকবালে খুলনাকে হারিয়ে জাতীয় লিগ শিরোপার দ্বারপ্রান্তে রংপুর 

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম

প্রথম ইনিংসে ১৩৪ রানে পিছিয়ে পড়া রংপুর বিভাগ মুকিদুল ইসলাম মুগ্ধর দুর্দান্ত বোলিং এবং ইকবাল হোসেনের দারুণ সেঞ্চুরিতে খুলনাকে হারিয়েছে। এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে জাতীয় লিগের শীর্ষে উঠেছে তারা। বরিশালের বিপক্ষে চলমান ম্যাচে সিলেট জিততে না পারলে রংপুর জিতে নেবে শিরোপা। 

রাজশাহীতে সিলেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১২ রান তুলে তৃতীয় দিন শেষে বরিশাল এগিয়ে আছে ২৩৭ রানে। কাল চতুর্থ দিনে এ ম্যাচে নাটকীয় কিছু না হলে সিলেটের জেতা কঠিন। ওদিকে, শিরোপা প্রত্যাশী আরেক দল ময়মনসিংহ রাজশাহীর ছুড়ে দেয়া ৪২৮ রান তাড়া করতে নেমে ২২৭ রানেই হারিয়ে ফেলেছে ৯ উইকেট। এ ম্যাচটাতে হারতে চলেছে ময়মনসিংহ। 

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৫ উইকেটে ৪১ রান নিয়ে আজ সকালে দ্বিতীয় ইনিংসের খেলা আবার শুরু করেছিল খুলনা। আর ১৬ ওভারেই ৫৫ রান যোগ করতেই গুটিয়ে যায় তারা। মুগ্ধ ১১ ওভারে ২২ রান দিয়ে নেন ৫ উইকেট। শরিফুল ইসলাম নেন ৪৭ রানে ৩ উইকেট। 

২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮ রানে ২ উইকেট হারালেও তরুণ ইকবাল হোসেন অভিজ্ঞ নাঈম ইসলাম (৮৪ বলে ৪৫) ও অধিনায়ক আকবর আলি (২৭ বলে ৩২*)কে নিয়ে ৫৫ ওভারেই টার্গেটে নিয়ে যান। প্রায় ৪ ঘণ্টায় ১৭০ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৪ রান করে অপরাজিত থাকেন এই বাহাতি ব্যাটার। ৩ ম্যাচের ক্যারিয়ারে প্রথম পাওয়া সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন তিনি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত