বিএনপির একাংশ ফ্যাসিবাদী রাজনীতি করছে: এবি পার্টির ফুয়াদ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি ছোট অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি সতর্ক করে বলেন, দল থেকে এদের চিহ্নিত করে প্রতিহত না করলে আগামী নির্বাচনে বিএনপি চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং ভোট কমে যাবে। এভাবে চলতে থাকলে ফ্যাসিস্টদের মতো তাদেরও একই পরিণতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন।

বাবুগঞ্জে সেতু উদ্বোধনকালে তার ও দলীয় নেতাকর্মীদের লাঞ্ছিত করা হয়েছে বলে জানান ফুয়াদ। 

তিনি বলেন, "বিএনপির কিছু ব্যক্তি পুলিশ ও প্রশাসনের সামনেই আমাদের লাঞ্ছিত করা হয়েছে। এটি ছিল সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। পুলিশ সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, শুধু দু-তিনবার বাঁশি বাজিয়েই ক্ষান্ত হয়।"

নির্বাচনের আগেই পুলিশের এমন ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "যখন যে দল ক্ষমতায় আসে, পুলিশ তখন সেই দলের দালালি করে। এমনটা চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।"

ফুয়াদ জানান, বাবুগঞ্জের ঘটনার দুই দিন আগে মুলাদি উপজেলায় একটি অনুষ্ঠানে এলজিডির সচিব, জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানেও বিএনপির একটি অংশ অনুষ্ঠান পণ্ড করে দেয়।

তিনি বলেন, "গত দুই মাস ধরে আমার নির্বাচনী ক্যাম্পেইনে নেতাকর্মীদের ওপর মারধর করা হচ্ছে। সেতু উদ্বোধনের শেষে আমাকে ঘুসি মারার চেষ্টা করা হয়েছে এবং হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না।"

ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিএনপি আগামীতে সরকার গঠন করবে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘এই দলের নেতাকর্মীদের উচিত ছোট দলগুলোর সাথে ভালো আচরণ করা এবং তাদের সহযোগিতা করা। যারা হামলা-নির্যাতন করছে তাদের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।’

দেশে এখন ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড’’ নেই জানিয়ে ফুয়াদ বলেন, ‘এই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটি ভালো নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যার যেখানে যতটুকু দায়িত্ব আছে, তার সেই দায়িত্ব পালন করা উচিত।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটের পরিবেশ নিশ্চিত করা। এখনো অনেক নতুন ভোটার নিবন্ধিত হতে পারেনি। তাদের জন্য সময় বৃদ্ধি করার দাবি জানান তিনি।

বরিশালের মীরগঞ্জ সেতু নির্মাণের জন্য যে চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে, তাদের সাথে যোগাযোগের ভাষা নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানান ফুয়াদ। তবে তিনি স্পষ্ট করেন যে, তিনি এসব বিষয় নিয়ে কথা বলেছেন, কিন্তু কোনো দল বা ব্যক্তিকে সরাসরি নির্দেশ করেননি।

প্রসঙ্গত, গত রোববার (৭ ডিসেম্বর) মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ছাত্রদলের নেতা-কর্মীরা 'ভুয়া-ভুয়া' স্লোগান দেন। পরবর্তীতে তাঁকে বাবুগঞ্জে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ফুয়াদ গণমাধ্যমে বক্তব্য দিয়ে বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবিকারী হিসেবে মিথ্যা অপপ্রচার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত