রাজশাহীতে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে করণীয় বিষয়ে সেমিনার ও মতবিনিময় সভা করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। আরডিএ ভবনে গতকাল মঙ্গলবার সকালে শুরু হয়ে মতবিনিময় সভা চলে দুপুর পর্যন্ত। সভায় বিশেষজ্ঞরা, ভবন নির্মাণে নীতিমালা মানার ওপর বিশেষ গুরুত্ব দেন। নামমাত্র মাটি পরীক্ষা না করে প্রকৃত নিয়ম অনুযায়ী মাটি পরীক্ষার পর ভবন নির্মাণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। রাজশাহী নগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করারও আহ্বান জানান বিশেষজ্ঞরা। ভবনের প্ল্যান পাস করার পর নির্মাণের সময় কেউ যাতে কাঠামো পরিবর্তন না করতে পারে এজন্য আরডিএ কর্তৃপক্ষের তদারকির প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে ভূমিকম্প ও দুর্যোগ সহনীয় ভবন নির্মাণ নিশ্চিতে করণীয়বিষয়ক এই সেমিনার ও মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী ও অধ্যাপক ড. মাহমুদ সাজ্জাদ।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. কামরুজ্জামান সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের সচিত্র উদাহরণ তুলে ধরেন এবং এ ভবনসমূহ ধ্বংসপ্রাপ্ত হওয়ার কারণ বর্ণনা করেন। সেমিনারে অন্যতম আলোচক অধ্যাপক ড. মো, নিয়ামুল বারী বলেন, দুর্যোগে প্রস্তুতির অংশ হিসেবে ডিজাইন একটি গুরুত্বপূর্ণ অংশ। যেকোনো ধরনের দুর্যোগে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীগণ অধিক মাত্রায় ঝুঁকিতে থাকেন। তাই বিল্ডিং ডিজাইনের সময় তাদের চাহিদার কথা মাথায় রাখা অতীব জরুরি। তিনি ভবন নির্মাণের পূর্বে ভূতাত্ত্বিক জরিপের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারের অন্যতম আলোচক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ বিল্ডিংয়ের ফাউন্ডেশন ফেইলিউর কি কারণে ঘটে সে বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি জাপান, তুরস্ক, সিরিয়াসহ কয়েকটি দেশে ঘটে যাওয়া ভূমিকম্পের উদাহরণ উপস্থাপন করেন এবং সিসমিক সার্ভে ও বিল্ডিং ইনভেন্টরি ম্যাপ সম্পর্কে সেমিনারে ধারণা প্রদান করেন। এ ছাড়া বিল্ডিং ডিজাইনার সার্টিফাইড কি না এবং বিএনবিসি কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে কি না সে বিষয়টি যথাযথভাবে তদারকির জন্য তিনি আরডিএ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সয়েল টেস্টকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং শুধু নামসর্বস্ব সয়েল টেস্ট না করার গুরুত্ব তুলে ধরেন তিনি।
