ভেনেজুয়েলার উপকূলে জ্বালানি ট্যাংকার জব্দের ঘোষণা ট্রাম্পের

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম

ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমা থেকে একটি বড় আকারের জ্বালানি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাংকার জব্দ করা হয়েছে। বেশ বড় একটা ট্যাংকার আসলে জব্দ করা ট্যাংকারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা। এ নিয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের নেতৃত্বাধীন অভিযানে এই জ্বালানি ট্যাংকার জব্দ করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে তারা তথ্যটি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানের ওপর একাধিক অভিযান চালানো হয়, যা যুক্তরাষ্ট্র ‘মাদকবিরোধী অভিযান’ হিসেবে ব্যাখ্যা করে। গত সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হওয়া এসব অভিযানে এখন পর্যন্ত ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন বলছে, এসব অভিযান মূলত অবৈধ মাদক বহনকারী নৌযান ধ্বংস করে নিরাপত্তা নিশ্চিত করার অংশ। তবে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারকে দুর্বল করা এবং পরোক্ষভাবে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত