সিরাজগঞ্জে শ্বশুরকে পিটিয়ে হত্যা করল মেয়ের জামাই

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতী গ্রামে হারান আলী শেখ (৫৫) নামের ভ্যান চালক শ্বশুরকে পিটিয়ে হত্যা করেছে তার মেয়ের জামাই আবুল কালাম ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত হারান আলী শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।  

নিহতের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার বোন শাপলা খাতুন ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়ি ব্রাহ্মণগাতী গ্রামে শালিসি বৈঠক বসে। বৈঠক শেষের দিকে বোন জামাই পরিবারের লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে হামলা করে। হামলায় আমি, আামার বাবা হারান আলী শেখ, মা মরিয়ম বেগম, আমার ভাগিনা আলামিন ও আমার বোন শাপলা খাতুন আহত হই। গুরুতর আহত অবস্থায় আমার বাবা হারান আলী শেখকে সন্ধ্যায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বহুলী ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, নিহতের মেয়ে ও মেয়ের জামাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে শালিস বৈঠকে বসা হয়। বৈঠকের শেষ দিকে মেয়ে জামাইয়ের লোকজন হামলা করে হারান আলী শেখকে পিটিয়ে হত্যা করেছে। রাতেই এ বিষয়ে নিহতের ছেলে থানায় অভিযোগ করেছে। 

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত