নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন ভবনজুড়ে সতর্কতা আরও কঠোর করা হয়েছে। সকাল থেকেই ভবনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি বেশ দৃশ্যমান। কমিশন ভবনের সামনের রাস্তায় সাধারণ চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এবং লোহার ব্যারিকেড বসিয়ে প্রবেশপথগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রধান সড়ক থেকেই নির্বাচন ভবনে ঢোকার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় যাচাইয়ের কড়াকড়ি আরোপ করেছে। বৈধ পরিচয় নিশ্চিত হওয়া ছাড়া কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।

তফসিল ঘোষণার মাধ্যমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনসহ মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের তারিখ জানা যাবে। পাশাপাশি প্রার্থীদের জন্য আচরণবিধি, ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনাসহ নির্বাচনী প্রস্তুতি-সংক্রান্ত আরও কিছু বিষয় তফসিলে অন্তর্ভুক্ত থাকবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত