ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের রায়পুর সিঙ্গুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালসবুজ পরিবহনের একটি বাস ২৪ জন যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল। দুপুর পৌনে ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করেন তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত বাসযাত্রী জাহিদুল ইসলাম বলেন, আমাদের বাসটির সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডানপাশে খাদে পড়ে যায়। পানি কম থাকায় আল্লাহর অশেষ রহমতে আমরা বেচে আছি।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, নোয়াখালীগামী একটি বাস ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে গেলে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
মহাসড়কের পুটিয়া ইউ–টার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার চর কৃষ্ণপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঢাকা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেলটি স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে বাইক চালক রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত বাইক চালক রাস্তার ওপর পড়ে আছে। অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যায়। সাথে মোবাইল ও মানিব্যাগ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
