নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের পাঁচতলা ভবনের শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনিরা বেগম (২১) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা থানাধীন আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে শহরের হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের বাড়ির পাঁচতলায় ভাড়া থাকতেন। একই ভবনের চতুর্থ তলায় তার শ্বশুর-শাশুড়ি থাকতেন।

নিহতের স্ত্রী মনিরা বেগম জানিয়েছেন, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সৌদি আরব থেকে হাজীগঞ্জ এলাকায় বাসায় ফেরেন তার স্বামী। তিনি নিট কনসার্ন নামের একটি পোষাক তৈরি কারখানায় কর্মরত ছিলেন। বুধবার মধ্যরাতে তুচ্ছ বিষয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে নিজাম উদ্দিন ডিভোর্সের প্রসঙ্গ তুললে তিনি ডিভোর্সের বিষয়ে সম্মতি দেন। পরবর্তী সময়ে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলে আছেন। তিনি স্বামীকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে স্বামীর বড় ভাই মইনুদ্দিন ও খালাতো ভাই আশরাফুল হাসপাতালে নিতে দেননি বলে অভিযোগ করেছেন মনিরা।

নিহতের ভাই মইনুদ্দিন জানান, তার ভাই দুই বছর পর সৌদি আরব থেকে স্ত্রীসহ বাড়িতে উঠেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন বিছানার উপর তার ভাইয়ের মরদেহ। তখন তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নির্ধারণ করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত