বাউফলে দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা। দুই গ্রুপ একত্রিত হয়ে একই মিছিলে এ কর্মসূচি পালন করেন।

গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। 

মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে “ফারুক মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “বিএনপির মনোনয়ন বাতিল করতে হবে" ইত্যাদি স্লোগান দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে কর্মী-সমর্থকরা।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আব্দুল জব্বার মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশসহ আরও অনেকে।

বক্তারা শহিদুল আলম তালুকদারের দলীয় মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত