সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে নিজ হাতে তার লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন।
তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ আসে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শিশির মনির স্বেচ্ছায় তার নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে লাগানো পোস্টার, ফেস্টুন ও অন্যান্য প্রচার সামগ্রী সরিয়ে ফেলেন। পোস্টার অপসারণের দৃশ্য তিনি ভিডিও বার্তার মাধ্যমে ভোটারদেরও দেখান।
শিশির মনির বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী সব প্রচার সামগ্রী অপসারণ বাধ্যতামূলক। আমরা ইতোমধ্যেই দিরাই-শাল্লার দুই উপজেলার বিভিন্ন স্থানে থাকা আমাদের পোস্টার ও ফেস্টুন সরানোর কাজ শুরু করেছি।
তিনি আরও আশা প্রকাশ করেন, অন্য প্রার্থীরাও একইভাবে দায়িত্বশীল আচরণ করে নিজেদের প্রচার সামগ্রী অপসারণ করবেন। পাশাপাশি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় এলে সবাই পুনরায় প্রচারণা শুরু করতে পারবেন।