সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ এএম

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা সেতুর কাছে যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে শাওন ইসলাম (৩৩) নামে বাসচালকের এক সহকারী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত যাত্রী। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।

খবর পেয়ে সাতক্ষীরা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ফাইম হোসেন জানান, গতকাল দুপুরে খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি বিনেরপোতা ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজর শাওন ইসলাম নিহত হন। একই সঙ্গে বাস ও ইজিবাইকে থাকা অন্তত সাতজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার শেখ নজরুল ইসলাম (৭০), ফাইম হোসেন (২০), সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার ফারজানা আক্তার মিম (২১) ও বরিশালের কাউনিয়া এলাকার নাইম (৩০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত