মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, মালামাল লুট

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়েছে।

শনিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের ডুপ্লেক্স ভবনে এ ঘটনা ঘটে। ১২-১৫ জনের ডাকাত দলটি ট্রলারযোগে এসে বাড়িতে হানা দেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, কুয়েত থেকে দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় ডাকাতির কবলে পড়েন মো. আল-আমিন। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার এবং দুটি মোবাইল ফোন লুট করা হয়। লুট হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে পরিবারের দাবি।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, ডাকাতদের হাতে দা, চাইনিজ কুড়াল এবং শটগান ছিল। ডাকাতির পর তারা ট্রলারযোগে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দলকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে। সিরাজদীখান থানার ওসি এম হান্নান জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত