নাঙ্গলকোটে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে অহিদুর রহমান নামের এক ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ঢালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকালীন বিধি অনুযায়ী তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতি নিলে প্যানেল চেয়ারম্যান হিসেবে বদরপুর ওয়ার্ডের ইউপি সদস্য অহিদুর রহমান অহিদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অহিদুর রহমান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তবে আপাতত ইউনিয়ন পরিষদের পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়ম অনুযায়ী প্যানেলভুক্ত কাউকে দায়িত্ব দেওয়া অথবা প্রশাসক নিয়োগের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত