৪৩তম বিসিএসের ৮ হাজার ৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে উচ্চআদালত। এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। পিএসসির পক্ষে ছিলেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
মামলার বিস্তারিত উল্লেখ করে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, ৪৩তম বিসিএস প্রার্থীদের ৭৭৩ জন গত বছরের ফেব্রুয়ারিতে একটি রিট আবেদন করেন। সেই রিটে ইতিপূর্বে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। একই সঙ্গে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না করা পর্যন্ত যত নন-ক্যাডার শূন্যপদ হবে তার তালিকা করে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের থেকে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চায় হাইকোর্ট।
