সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না আরও দুই মামলায় গ্রেপ্তার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট সাজ্জাদ’ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত 

সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

জানা গেছে, গত জুলাইয়ের অভ্যুত্থানের সময় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় শহীদ ফজলে রাব্বী নিহত হন। এছাড়া নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদ ও তামান্নার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ফজলে রাব্বী হত্যা মামলায় খোরশেদ নামের আরও এক আসামিকেও গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

বর্তমানে সাজ্জাদ সিলেট কারাগারে এবং তামান্না ফেনী কারাগারে বন্দী। গত ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তার স্ত্রী তামান্না ১০ মে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার হন। তার এক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি আদালত ও জামিন সংক্রান্ত কথাবার্তা উল্লেখ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত