যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলা ফুলবাড়ী সড়ক ও যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ফুলবাড়ী গ্রামে মমিনুল ইসলাম তুষারের মেয়ে তানিসা খাতুন (৭) ও একই উপজেলার চুড়ামনকাঠি গ্রামের খালেকের ছেলে বিপ্লব (৩০)।
যশোর কোতোয়ালী থানার ইন্সপেক্টর বাবলুর রহমান জানান, সোমবার বিকেল ৩টা মিনিটের দিকে যশোর শহর থেকে বাবা-মায়ের সঙ্গে ইজিবাইকযোগে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী সড়কের পাশে ইজিবাইকটি উল্টে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহসিন জানান, সকালে বিপ্লব মোটরসাইকেল যোগে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
