নোয়াখালীর হাতিয়ায় জোরপূর্বক বাড়ি থেকে উচ্ছেদ, সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী আব্দুল আজিজ আজাদ লিখিত বক্তব্যে জানান, তিনি ২০১৮ সালে বৈধভাবে ৪০ ডিং জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেছিলেন। সোমবার সকালে বাড়িতে গাছ কাটার সময় আব্দুল রহমান, বাহার, জাহের, মঞ্জু ও রিয়াজসহ ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি ও তার স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের ৬ জন মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে এবং প্রায় ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
আহতদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ আজাদ আরও বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীরা মিথ্যা মামলা দিয়ে আরও হয়রানি করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
