মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।
সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর ড. মুহাম্মদ ইউনূস কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র সম্মান জানান।
এর আগে, একই দিনে সকাল ৬টা ৩৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনিও ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন এবং মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা করেন।
এদিকে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে বর্ণিল আয়োজন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা। বিজয়ের আনন্দঘন এই আলোকচ্ছটা রাজধানীবাসীর মধ্যে সৃষ্টি করেছে উৎসবমুখর আবহ।
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা