শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন ওরফে বীথিকে কুমিল্লা নগর থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার বিকেলে নগরের জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, খাদিজা ইয়াসমিনের বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন এবং বাবার পলাতক সহযোগীদের সহায়তার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১-এর কুমিল্লা কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গতকাল রাতে গণমাধ্যমকে বলেন, “শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন কুমিল্লায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় জেলখানা সড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, খাদিজা ইয়াসমিন গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী বাবার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কুমিল্লায় এসেছিলেন। এ সময় তাঁর অবস্থান ও কর্মকাণ্ড নজরদারিতে ছিল।
সূত্রটি আরও জানায়, খাদিজা ইয়াসমিনের বিরুদ্ধে অপরাধ চক্রের সঙ্গে অর্থনৈতিক লেনদেন এবং বাবার পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এসব বিষয়ে গভীর তদন্ত চলছে। এছাড়া এর বাইরে অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা-ও যাচাই করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ মে কুষ্টিয়া থেকে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী থেকে সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়। বর্তমানে সুব্রত বাইন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।
