সাতচল্লিশ বসন্তে শাবনূর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ এএম

ঢাকাই চলচ্চিত্রের গর্বিত একটি অধ্যায়ের নাম কাজী শারমিন নাহিদ নূপুর। যদিও এই নামকে এক প্রকার বিলুপ্ত করে খ্যাতিমান নির্মাতা এহতেশাম তার নাম দেন শাবনূর। ব্যস, এই নামেই তিনি জয় করে নেন দেশের আপামর সিনেমাপ্রেমীদের মন। ভক্তরা তার নাম দেন ‘শিশিরস্নাত’ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও বিন্দুমাত্র জনপ্রিয়তা কমেনি তার। আজও সব শ্রেণির দর্শকের কাছে উজ্জ্বল তারা হয়েই রয়েছেন শাবনূর। ঢালিউডের আলোকিত এই তারকা আজ পা রাখলেন জীবনের সাতচল্লিশ’তম বছরে। ১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলার নাভারনে জন্মগ্রহণ করেন নন্দিত এই তারকা। অনেক দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী বসবাস করায় পরিবারের সঙ্গে এবারের জন্মদিনটাও কাটছে সেখানে। শাবনূর এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন। তার ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন রাত ১২টার পর থেকেই। 

শাবনূর জানান, এহতেশাম দাদু বেঁচে থাকাকালেই বিরাট আয়োজন করে তার জন্মদিন উদযাপন করা হয়। তাতে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত থাকতেন। আর সেই জন্মদিনটিই তার অভিনয় জীবনের সেরা জন্মদিন। শাবনূর বলেন, ‘আল্লাহর রহমতে চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই আছি আমি। আমার অভিনয় জীবনের পথচলায় আমার প্রত্যেক চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনিকার, প্রোডাকশন বয়, ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের কথা উল্লেখ করতেই হয়। সবার সহযোগিতাতেই আমি আজকের শাবনূর। চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।’ অস্ট্রেলিয়ার সিডনিতে বাস শাবনূরের। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন।

মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এই অভিনেত্রী। সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো ছবিতে পাওয়া যায়নি দর্শকপ্রিয় এ তারকাকে। প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রের পথচলা শুরু তার। ‘চাঁদনি রাতে’ নামের সে সিনেমা মুক্তির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শাবনূরকে। শাবনূর সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবই ছিল ব্যবসাসফল। সালমান শাহ-শাবনূর জুটির প্রথম ছবি জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ১৯৯৪ সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে রঙিন ‘সুজন সখী’ নির্মাণ করেন। ১৯৯৫ সালে এ জুটির স্বপ্নের ঠিকানা বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ ব্যবসাসফল চলচ্চিত্র হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। পরের বছর ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার অর্জন করেন। তিনি ‘নিরন্তর’ ও ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ৬ বার বাচসাস পুরস্কার এবং রেকর্ড সংখ্যক ১০ বার তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। ২০১১ সালে ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়। ২০১২ সালে অনিক নামের এক চলচ্চিত্র অভিনেতাকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। তার কিছুদিন পরেই তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত